
পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ‘ইলহাম টেলিকম’ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মোবাইল ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের অন্যতম মূলহোতা কামাল হোসেন (৪০) ওরফে কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৫ দিন পর টানা তিন দিনের অভিযানে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল গাজীপুরের কাশিমপুর থানার লোহাকুর এলাকায় কামালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কামাল ওই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন মার্কেটে ব্যবসায়ী জুলহাস উদ্দিনের ‘ইলহাম টেলিকম’-এ চুরির ঘটনা ঘটে।
সংঘবদ্ধ চোরচক্রটি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৪০টি স্মার্টফোন, ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড এবং নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক দ্রুত দোকানের তালা কেটে বড় ব্যাগে করে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, ঘটনার দিন ভোরে পাঁচ যুবককে পর্যটকের বেশে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তারা অটোরিকশাযোগে ভজনপুরের দিকে পালিয়ে যায়। তদন্তে পুলিশ জানতে পারে, সন্দেহভাজনরা আগের রাতে স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করেছিল।
দোকান মালিক জুলহাস উদ্দিনের করা মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করার পর ডিবি ও থানা পুলিশের একটি দল ঢাকায় অবস্থান নেয়। টানা তিন দিনের অভিযানে চক্রের অন্যতম সমন্বয়ক কামাল হোসেনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চোরচক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ। তারা ৪-৫ জন করে মোট আটটি পৃথক দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। কামাল হোসেন এই চক্রের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, ‘ইলহাম টেলিকমে চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল। আমাদের টিম তিন দিন গাজীপুর ও ঢাকায় অবস্থান করে চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে। চুরি যাওয়া দামি মোবাইল ফোন উদ্ধার এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে তেঁতুলিয়া একটি পর্যটন এলাকা হওয়ায় চৌরাস্তা বাজারের প্রাণকেন্দ্রে এমন বড় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। চক্রের একজন মূলহোতা গ্রেপ্তারের খবরে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বাজার এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।