
রাজধানীর চকবাজার থানার উর্দু রোড এলাকায় দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দবির আহমেদ (৫০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী রতন জানান, বিকেল ৪টার দিকে উর্দু রোড মসজিদসংলগ্ন এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। আহত দবির আহমেদকে দ্রুত উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে তার স্ত্রী জান্নাতুল খবর পেয়ে হাসপাতালে এসে তাকে বাসায় নিয়ে যান। তবে বাসায় যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দবির আহমেদের গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলার অষ্ট মিনসা গ্রামে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি চার কন্যাসন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।