
জরুরি নিরাপত্তাজনিত কারণে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ বার্তাটি দেখা যায়। বার্তায় বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিগগিরই ওয়েবসাইটের সেবা আবার চালু করা হবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে, সম্প্রতি সাইবার হামলার আশঙ্কায় বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর এ সতর্কতা জোরদার হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শনাক্ত হওয়া এসব ত্রুটি সংশোধনে বিশ্বজুড়ে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অনলাইন সেবার নিরাপত্তা জোরদার করছে।