
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন এবং বন্দরনগরী ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার দাবি করেছে তারা। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছেন আনসারুল্লাহর যোদ্ধারা। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।
হুতিদের দাবি, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে, ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার কারণে আগুন ধরে যায়। রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও সরাসরি আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে ইয়াহইয়া সারে সতর্ক করে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি আরব কোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি হবে ভয়াবহ এবং তা ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’ হতে পারে।
তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের অভ্যন্তরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতদের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।