
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের জন্য সপ্তাহে একটি দিন শিক্ষার্থীদের পরিদর্শনের জন্য নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের জন্য টিকিট লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হবে।
তিনি জানান, উদ্যোগটি শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে সব ধরনের স্কুলের শিক্ষার্থীদের এ সুযোগের আওতায় আনা হবে।
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের পাশাপাশি জাতীয় জাদুঘরেও শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের এসব জাদুঘর পরিদর্শনের সুযোগ তৈরি করা হবে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য এলাকার জাদুঘরেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাদুঘরের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, শুরুতে দর্শনার্থীদের অতিরিক্ত আগ্রহের কারণে একদিন সাময়িক ব্যবস্থাপনা সমস্যা হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে শৃঙ্খলার সঙ্গে দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করছেন।
শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের এ উদ্যোগের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জাদুঘরমুখী করার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।