
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার, সামরিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত মতবিনিময় করেন উভয় পক্ষ।
আইএসপিআর জানায়, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।