
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে এড়াতে গিয়ে এই দুর্ঘটনার সূত্রপাত হয়।
শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপরজন সুজয় সাহা, তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক জানান, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সেটি দেখে একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে তার পেছনে থাকা একটি কভার্ড ভ্যানও ব্রেক করে। এরপর ভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও গতি কমানোর চেষ্টা করে। এ সময় দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি বাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে একটি মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
এসআই তারেক আরও জানান, সংঘর্ষে জড়িত পাঁচটি যানবাহনই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাটি হাইওয়ে পুলিশের অধিক্ষেত্রে হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবে।
তিনি বলেন, দুর্ঘটনার মূল কারণ হিসেবে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। বাসটি শেষ মুহূর্তে দেখতে পেয়ে সামনের গাড়িগুলো হঠাৎ ব্রেক করলে পেছনের যানবাহনগুলোও একইভাবে ব্রেক করতে বাধ্য হয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।