
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান।
নগরবাসীর চলাচল নির্বিঘ্ন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রশাসক।
শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা এবং চলাচলে বাধা সৃষ্টি করে এমন সব প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ডিএনসিসির বিভিন্ন এলাকায় লাগানো পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।