
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিকেল ৪টার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ—কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।
তিনি জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটের জন্য ব্যালট পেপার ছাপিয়ে সেদিনই সংসদ ভবনে নেওয়া হবে। ব্যালট পেপার হবে সাদা রঙের এবং এতে কালো রঙে লেখা থাকবে।
ভোটগ্রহণ শেষে দ্রুত প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।