
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতনস্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশে নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। এটি এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬ হিসেবে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ করা হবে। তবে নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বর্ধিত মূল বেতনের পুরো অর্থ একসঙ্গে দেওয়া হবে না।
প্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ কার্যকর হবে।
পরবর্তী ধাপে বর্ধিত বেতনের অবশিষ্ট অংশ ধাপে ধাপে কার্যকর হবে। বিদ্যমান কাঠামো অনুযায়ী ১ম থেকে ৯ম গ্রেডে পরবর্তী দুই ধাপে ৩০ শতাংশ করে এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ২৫ শতাংশ করে বর্ধিত অংশ কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন বেতনস্কেলের আওতায় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অন্যান্য বিধান অনুযায়ী বেতন নির্ধারণ এবং পরবর্তী সময়ে বর্ধিত বেতন ও ভাতা পরিশোধ করা হবে। এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।