
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর এলাকায় আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।
জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, পৃথিবীর যেকোনো পরিবর্তন ও উত্থান-পতনে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল, দেশে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেশ এখনো যেন পুরোনো ধারাতেই চলছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের ইসলামী আদর্শের ভিত্তিতে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে জেলা যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।