
চলতি আমন মৌসুমে সারের সংকট ও ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমন ধানের জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় হলেও কয়েকদিন ধরে ন্যায্যমূল্যে সার পাচ্ছিলেন না কৃষকরা। রোববারও সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা গুদামের সামনে সড়ক অবরোধ করে ডিলার ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে ধাওয়া করলে তারা কাছের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। পরে কৃষকরা সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন।
আন্দোলনরত কৃষকদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এবং কার্ডধারী প্রকৃত কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না। একই সার খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা কৃষকদের সঙ্গে কথা বলে নিয়ম মেনে সার বিতরণের আশ্বাস দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।
বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক বলেন, জেলায় সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত সার মজুদ রয়েছে। বিতরণ ব্যবস্থার কিছু ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে সাময়িকভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কোনো অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।