
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৪৪ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।
উপসর্গজনিত মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৭৬ জন। এরপর সিলেটে ১৪২, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নতুন করে ৯১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সে হতে পারে। তবে শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।