ঈদে মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে ‘দম’। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরী।
বুধবার সন্ধ্যায় শুটিং স্পটের কিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “দম শুধু একটা সিনেমা না, এটা এমন একটা অনুভূতি, যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।”
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করেছেন পূজা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দম আমার জন্য শুধু একটা সিনেমা নয়; এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি ভালো একটি কাজের অপেক্ষায় ছিলাম, আর এই সিনেমা আমার ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে পরিবর্তন এনেছে।”
ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেন তিনি। পূজা বলেন, “মাঝে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমার মা মারা যান, সব মিলিয়ে ভেঙে গিয়েছিলাম। সেই সময় ‘দম’ আমার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।”
ছবিটির আবেগঘন দিক তুলে ধরে তিনি জানান, কিছু গল্প শুধু দেখা যায়, আবার কিছু গল্প অনুভব করা যায়—‘দম’ তেমনই একটি গল্প। তাঁর ভাষায়, “এই সিনেমা আমাদের জীবনের আয়নার মতো—যেখানে ভাঙা স্বপ্ন, চেপে রাখা কান্না এবং নিজের সঙ্গে নীরব লড়াইয়ের গল্প রয়েছে।”
তিনি আরও লেখেন, “ভেতরের অদেখা ঝড়ের গল্প বলে ‘দম’। কখনো মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু চলতে থাকে, যা কেউ দেখে না।”
সিনেমাটি থেকে পাওয়া বার্তার কথাও উল্লেখ করে পূজা বলেন, “ভেঙে পড়া মানেই শেষ নয়; অনেক সময় সেটাই নতুন করে শুরু করার সাহস দেয়।”
সবশেষে জীবনবোধের কথা তুলে ধরে তিনি বলেন, “জীবন যত কঠিনই হোক, নিজের ভেতরের শক্তিই সবচেয়ে বড় অস্ত্র। কারণ শেষ পর্যন্ত সবাই নিজের ‘দম’ নিয়ে লড়াই করে।”
ঈদের ছবির ভিড়ে ‘দম’-এর এই জীবনমুখী গল্প ও আবেগঘন বার্তাই দর্শকদের সঙ্গে বিশেষ সংযোগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়