
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বিউটি আক্তার কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, স্থানীয় সাগর নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং মারধরের অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ভাড়াটিয়াকে কেন্দ্র করে সাগর ও তার সহযোগীরা শফিকুল ইসলামকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে ভুক্তভোগীর পরিবার কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।