1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষঃ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চাইল বিএফআইইউ সিইসির সঙ্গে বাংলাদেশ জনতা পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল তৃতীয় দেশে অভিবাসী নির্বাসন আপাতত চালু রাখতে দিল সুপ্রিম কোর্ট দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে নজর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে নজর

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানো ও ব্যাংকঋণের প্রবাহে গতি ফেরানোর লক্ষ্য নিয়ে চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের নতুন মুদ্রানীতি আজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, মুখপাত্র ও সহকারী মুখপাত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগে স্থবিরতা কাটানো এবং ব্যাংকঋণের প্রবাহ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। বর্তমানে দেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে থাকলেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ধারাবাহিকতা বজায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো কেন্দ্রীয় ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই শেষে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। জুনে এই হার ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ, যা ছিল সর্বনিম্ন। চলতি বছরের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগে স্থবিরতা, ব্যবসায়িক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও উচ্চ সুদহারের কারণে ঋণের চাহিদা কমে গেছে। ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য থাকলেও উদ্যোক্তাদের নতুন বিনিয়োগে অনাগ্রহের কারণে সেই অর্থ কাঙ্ক্ষিত হারে উৎপাদনশীল খাতে যাচ্ছে না। বিশেষ করে শিল্প, নির্মাণ ও পরিবহন খাতে নতুন ঋণের চাহিদা কম থাকায় বেসরকারি খাতে ঋণ বিতরণে প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না।

বিনিয়োগ বাড়াতে গত ২ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। ঋণের খরচ কমিয়ে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো ছিল এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। তবে সুদহার কমানোর পরও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশ অতিক্রম করেনি।

অন্যদিকে মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ রয়েছে।

এ অবস্থায় নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়ানোর মধ্যে কীভাবে ভারসাম্য রাখা হয়, সেটিই হবে নীতিনির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে বছরে দুইবারের পরিবর্তে তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার বিষয়টিও আলোচনায় এসেছে। সম্প্রতি সংসদীয় কমিটিতে বছরে চারবার মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত নীতিগত সমন্বয় করাই এ প্রস্তাবের মূল উদ্দেশ্য। নিয়মিত বিরতিতে মুদ্রানীতি পর্যালোচনা করা হলে মূল্যস্ফীতি, ঋণপ্রবাহ, বিনিয়োগ ও তারল্যের পরিবর্তন বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

মুদ্রানীতির মাধ্যমে অর্থের সরবরাহ ও সুদের হারে প্রভাব রাখে বাংলাদেশ ব্যাংক। তাই নতুন নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে কী ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page