
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের একটি স্টিল মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে রাতে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাজিব সরকারের শরীরের ৭০ শতাংশ, রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, সাজিবের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলছে।
বয়লার বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।