
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছে।
এর আগে চলতি বছরের ৩১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলার ২০ সেন্টে উঠেছিল। এরও আগে ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১৮ ডলার ছাড়িয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে।
এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ভূরাজনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে চলতি বছর জ্বালানিসহ বিভিন্ন পণ্যের সামগ্রিক মূল্য প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।