
বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রচকো জেলার গোরিচে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন দেশটির সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। আহত ১১ জনের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।
ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়, গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে এবং এর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের স্বজন এবং মিশনে নিয়োজিত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনায় মোতায়েন ছিল। ডেটন শান্তিচুক্তি বাস্তবায়নের তদারকি এবং দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করাই এ মিশনের মূল দায়িত্ব।