
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগর ও দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাড়তি ভাড়ার হার ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বিআরটিএ দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে মন্ত্রণালয়ের বৈঠকে শেষ পর্যন্ত উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকারি সিদ্ধান্তের আগেই বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এ নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।