নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) ঘোষিত এই স্কোয়াডে নেই কোনো নতুন মুখ, পাশাপাশি বড় কোনো চমকও রাখা হয়নি।
সর্বশেষ পাকিস্তান সিরিজে খেলা ক্রিকেটারদের নিয়েই কিউইদের বিপক্ষে দল গঠন করা হয়েছে। ফলে আগের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি, আবার নতুন কাউকেও অন্তর্ভুক্ত করা হয়নি। পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও আফিফ হোসেন ও সাইফ হাসান-দের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা। দলে যথারীতি জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে, আর শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ৩টায়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে