
চশমা ব্যবহারকারীদের জন্য হঠাৎ চশমা ভেঙে যাওয়া বেশ বিড়ম্বনার। বিশেষ করে ভ্রমণ বা বাইরে থাকার সময় চশমা নষ্ট হলে সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মেরামত করা সম্ভব নাও হতে পারে। তবে এমন পরিস্থিতিতে কয়েকটি সহজ উপায়ে সাময়িকভাবে চশমা ঠিক করে প্রয়োজনীয় কাজ চালিয়ে নেওয়া যায়।
সঙ্গে রাখুন ছোট মেরামতের কিট
ভ্রমণ বা বাইরে যাওয়ার সময় একটি ছোট চশমা মেরামতের কিট সঙ্গে রাখলে জরুরি পরিস্থিতিতে অনেকটাই সুবিধা পাওয়া যায়। এসব কিটে সাধারণত বিভিন্ন মাপের ছোট স্ক্রু, স্ক্রু-ড্রাইভার ও নোজ প্যাড থাকে। ফলে স্ক্রু খুলে গেলে বা নোজ প্যাড হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব।
স্ক্রু হারিয়ে গেলে
চশমার ছোট স্ক্রু হারিয়ে গেলে উপযুক্ত মাপের অতিরিক্ত স্ক্রু দিয়ে সেটি প্রতিস্থাপন করাই সবচেয়ে ভালো। তবে অতিরিক্ত স্ক্রু না থাকলে সাময়িকভাবে টুথপিক বা পাতলা কাঠের শলাকা ব্যবহার করা যেতে পারে।
এ ক্ষেত্রে ফ্রেমের স্ক্রুর ছিদ্রের মধ্যে টুথপিক বা কাঠের শলাকার একটি অংশ ঢুকিয়ে দিতে হবে। এরপর বাইরে বেরিয়ে থাকা অতিরিক্ত অংশ ভেঙে ফেললে ফ্রেম বা ডাঁটির বিচ্ছিন্ন অংশটি সাময়িকভাবে আটকে রাখা সম্ভব হবে।
ডেন্টাল ফ্লসও কাজে লাগতে পারে
জরুরি সময়ে ডেন্টাল ফ্লসও ব্যবহার করা যায়। ফ্লসটি স্ক্রুর ছিদ্রের ভেতর দিয়ে ঢুকিয়ে শক্ত করে গিঁট দিয়ে রাখলে ফ্রেমের বিচ্ছিন্ন অংশ কিছু সময়ের জন্য স্থির রাখা সম্ভব।
ফ্রেম ভেঙে গেলে টেপ ব্যবহার করুন
চশমার ফ্রেম ভেঙে গেলে ইলেকট্রিক্যাল টেপ বা ব্ল্যাক টেপ দিয়ে সাময়িকভাবে জোড়া দেওয়া যেতে পারে। ভাঙা অংশ দুটি যথাসম্ভব সঠিক অবস্থানে এনে কয়েক পাক টেপ দিয়ে শক্ত করে জড়িয়ে দিলে চশমাটি কিছু সময় ব্যবহার করা সম্ভব হতে পারে।
সুপার গ্লু ব্যবহার করবেন না
ভাঙা চশমা জোড়া দিতে সুপার গ্লু বা শক্ত ধরনের আঠা ব্যবহার না করাই ভালো। অসাবধানতাবশত আঠা লেন্সে লেগে গেলে তা পরিষ্কার করা কঠিন হতে পারে এবং লেন্স ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে। ফ্রেমে ওয়ারেন্টি থাকলে আঠা ব্যবহারের কারণে সেটিও বাতিল হতে পারে।
লেন্স খুলে গেলে
চশমার লেন্স ফ্রেম থেকে খুলে পড়ে গেলে প্রথমে লেন্সটি পরিষ্কারভাবে ধরে নিতে হবে। এরপর ফ্রেমের পেছনের দিক থেকে ধীরে ধীরে নির্দিষ্ট জায়গায় বসানোর চেষ্টা করা যেতে পারে। এ সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা উচিত নয়। এতে লেন্স কিংবা ফ্রেম ক্ষতিগ্রস্ত হতে পারে।
লেন্সটি বসানোর পর ফ্রেম ঢিলা থাকলে সেটি আবার খুলে পড়তে পারে। তাই সাময়িকভাবে ঠিক করার পর চশমাটি সাবধানে ব্যবহার করা জরুরি।
এসব পদ্ধতি কেবল জরুরি পরিস্থিতিতে সাময়িক সমাধান হিসেবে ব্যবহার করা উচিত। সুযোগ পেলেই চশমাটি দোকান বা অপটিক্যাল শপে নিয়ে গিয়ে সঠিকভাবে মেরামত করানো ভালো।