
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি কক্সবাজারের মহেশখালীও পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।
এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণের পর আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তার। পরে রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।