
গত অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮০ শতাংশে।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯ দশমিক ৩০ শতাংশ থাকলেও অক্টোবরে বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। ফলে খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বেড়েছে।