
ওয়ানটাইম পাসওয়ার্ড (ওটিপি) যাচাই ছাড়া কোনো দর্শনার্থী বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা বেড়েছে। অনুমোদনবিহীন এ ধরনের প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি এতে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করতে হবে। যাচাই শেষে অনুমোদিত দর্শনার্থীদেরই সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।