
সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম তুলিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শাহ্ আলী থানা বৃহত্তর মিরপুর কমিটি। অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের নাগরিক অধিকার, সামাজিক মর্যাদা ও এলাকার উন্নয়নে কার্যকর সহযোগিতার প্রত্যাশা তুলে ধরেন আয়োজকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব জগলুল পাশা পাভেল। এ ছাড়া মিরপুর থানা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের শাহ্ আলী থানা বৃহত্তর মিরপুর কমিটির সভাপতি শ্রী রুবেল বাসফোরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত বাসফোর। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী সঞ্জীব কুমার বাসফার।
এ সময় বক্তারা হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।