
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান তারা কোনোভাবেই মেনে নেবেন না। এ কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে দেয়াল লিখনের ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার তারা জানতে পারেন, অধ্যাপক শেখ শরীফুল আলম উপাচার্য পদে যোগদানের জন্য অনলাইনে যোগদানপত্র পাঠিয়েছেন। এর প্রতিবাদেই শুক্রবার বিক্ষোভ মিছিল করা হয়েছে। নতুন উপাচার্যকে তারা চান না বলেও জানান ওই শিক্ষার্থী।
এদিকে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। বৃহস্পতিবার রাতে শিক্ষক সমিতির জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল ও জরুরি কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অধ্যাপক সায়েমকে অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি জানিয়েছিলেন, তারা নতুন উপাচার্যকে চান না। একই দাবিতে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। মাত্র ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা।
সবশেষ বৃহস্পতিবার বিকেলে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে যোগদান করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতেও ক্যাম্পাসে মশাল মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।