
দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩০ জুন) ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৫’ প্রকাশনা উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক রাষ্ট্র পরিচালনায় নির্ভুল, হালনাগাদ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। বিশেষ করে সরকারি জনবল ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার এবং মানবসম্পদ উন্নয়নে সঠিক তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মচারীদের নির্ভরযোগ্য ও হালনাগাদ পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিবছরের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ এবারও ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৫’ প্রকাশ করছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বাণীতে তিনি উল্লেখ করেন, প্রকাশনাটিতে দেশের বেসামরিক সরকারি জনবলের বিস্তারিত তথ্য সংকলিত হয়েছে। এতে অনুমোদিত, কর্মরত ও শূন্য পদের হালনাগাদ তথ্যের পাশাপাশি গ্রেডভিত্তিক জনবল এবং নারী-পুরুষভিত্তিক পৃথক পরিসংখ্যানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই প্রকাশনা সরকারি জনবল ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও তথ্যনির্ভর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারি প্রশাসন ও মানবসম্পদবিষয়ক গবেষণার ক্ষেত্রেও এটি একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রকাশনাটির গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৫’ প্রণয়ন ও প্রকাশে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, দক্ষতা ও শ্রমের জন্য তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।