
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করে সংস্থাটি।
আদালতের আদেশ অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতির নামে থাকা ১৮টি প্লট ক্রোক করা হবে। পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের দাবি, এসব সম্পদ সাহাবুদ্দিনের বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগের তদন্তের অংশ হিসেবে সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের আবেদন করা হয়।
এর আগে ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলাতেও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।