
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তমাল সরকার একই উপজেলার ধানগড়া বাগানবাড়ি এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়।
গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভা থেকে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
এর আগে এ মামলায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে ও হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।