
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে ৮ জন উদ্ধার হলেও এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের প্রপেলার পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি মাঝনদীতে নিয়ন্ত্রণহীন অবস্থায় স্থির হয়ে পড়ে।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রলারটি অল্প সময়ের মধ্যেই নদীতে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ৮ জন সাঁতরে এবং অন্য উপায়ে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। তবে বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছেন।
সর্বশেষ বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুড়িগঙ্গা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।