
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একই সময়ে দুটি পৃথক রেল দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনের কাছে ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। একই সময়ে গুণবতী এলাকায় ‘মেঘনা এক্সপ্রেস’-এর চারটি বগি লাইনচ্যুত হয়।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। তবে দুটি লাইনের যেকোনো একটি সচল করা সম্ভব হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা যাবে।
নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকলের কারণে লাইনে আটকে পড়ে।
তিনি আরও জানান, বিকল ট্রেনটির খবর পেয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ডাউন লাইন ব্যবহার করে গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুরের দিকে যাওয়ার সময় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।
দুই লাইনে ট্রেন আটকা পড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পথে থাকা এবং বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকল ইঞ্জিন ও লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।