দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় স্কুলছাত্রী ফাতেমা আক্তার নিলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে আটক করেছে র্যাব।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিলন নিহত নিলির বাবার মালিকানাধীন একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘটনার সময় নিলি বাসায় একা থাকার সুযোগে মিলন তাকে গলাকেটে হত্যা করেন। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো তদন্ত সংশ্লিষ্টরা কোনো তথ্য প্রকাশ করেননি।
এ ঘটনায় গত শনিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসা থেকে নিলির মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়