1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সংসদ উপনেতার পদে যার নাম আলোচনায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সাংবিধানিক ও সংসদীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ সম্পন্ন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। দলের শীর্ষ নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলেও জাতীয় সংসদের উপনেতার পদটি এখনো পূরণ করা হয়নি।

এর মধ্যে গত ২০ আগস্ট দেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দায়িত্ব পরিবর্তনের পর সংসদে উপনেতার পদে কে আসছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। বিশেষ করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ও রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আসনে বসতেন, সেখানে সালাহউদ্দিন আহমদ বসায় এ আলোচনা আরও জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে।

তবে এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানাননি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সংসদ সদস্য বলেন, দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সংসদে বিগত দিনের কার্যক্রম ও ভূমিকার কারণে সালাহউদ্দিন আহমদের নাম প্রধানমন্ত্রীর বিবেচনায় এগিয়ে থাকতে পারে।

বিএনপির দলীয় সূত্র জানায়, দলের হাইকমান্ড কৌশলগত কারণে সংসদ উপনেতার পদটি এখনো পূরণ করেনি। ইতোমধ্যে মন্ত্রিসভাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্বিন্যাস করা হয়েছে। সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ গুরুত্বপূর্ণ পদগুলোতেও নিয়োগ সম্পন্ন হয়েছে। শুধু সংসদ উপনেতার পদটি এখনো শূন্য রয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকেও এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। ফলে দলটির একটি অংশ মনে করছে, সংসদ উপনেতার পদে তার নামও বিবেচনায় আসতে পারে।

অন্যদিকে, সংসদে বিরোধী দলকে মোকাবিলায় সালাহউদ্দিন আহমদের ভূমিকার প্রশংসা রয়েছে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে। বিশেষ করে আইনগত বিষয়ে তার বিশ্লেষণ ও সংসদে বক্তব্য দেওয়ার দক্ষতার কারণে তিনি দলের সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করেন অনেকে।

বিগত সময়ে সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসনটি এখন অন্য কোনো সিনিয়র নেতার জন্য নির্ধারণ করা হতে পারে। তবে আসন পরিবর্তনকে সরাসরি সংসদ উপনেতা পদে নিয়োগের সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন দলীয় সংসদ সদস্যরা।

তবে সংসদে আরও কয়েকজন সিনিয়র নেতা থাকা সত্ত্বেও সাম্প্রতিক অধিবেশনগুলোতে সালাহউদ্দিন আহমদের ওই আসনে বসাকে অনেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। এ কারণে শেষ পর্যন্ত তাকে সংসদ উপনেতার দায়িত্ব দেওয়া হতে পারে—এমন আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান বলেন, বিষয়টি নিয়ে অনেকে বিভিন্নভাবে মূল্যায়ন করছেন। তবে এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। প্রধানমন্ত্রী ও দলের সংসদীয় বোর্ড বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page