
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশটি থেকে আরও ১৭২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হচ্ছে।
লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (ইউজেড ২২২) বুধবার (২৪ জুন) ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাস সূত্রে জানা যায়, ফেরত আসা নাগরিকদের মধ্যে ৮৬ জন ত্রিপলীর ‘তাজুরা ডিটেনশন সেন্টার’ এবং ৩৫ জন বেনগাজীর ‘গানফুদা ডিটেনশন সেন্টার’-এ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘদিন আটক ছিলেন। এছাড়া ৫১ জন বাংলাদেশি নাগরিক ত্রিপলীতে ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন করেন। এই দলে গুরুতর অসুস্থ পাঁচজন অভিবাসীও রয়েছেন।
ফ্লাইট ছাড়ার আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ ত্রিপলীর দূতাবাস প্রাঙ্গণে দেশে ফিরতে যাওয়া নাগরিকদের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এবং প্রথম সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়কালে রাষ্ট্রদূত অনিয়মিত ও অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করেন। তিনি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, লিবিয়ায় আটক এবং ডিটেনশন সেন্টারে বন্দি বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।