1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

যুদ্ধের প্রভাবে ক্রুড তেল আমদানি ব্যাহত, তবু সরবরাহে সংকট নেই: জ্বালানি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হওয়ায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বর্তমানে লো-ফিড অবস্থায় চালু রয়েছে। তবে বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়ানোয় দেশে সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

বুধবার (১৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইআরএল মূলত সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি থেকে মারবান ক্রুড অয়েল আমদানি করে পরিশোধন করে থাকে। এসব থেকে বছরে প্রায় ১৫ লাখ টন জ্বালানি তেল উৎপাদন হয়, যা দেশের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ।

দেশের জ্বালানি বিভাগের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে ডিজেলের মোট চাহিদা ছিল ৪৭ লাখ ৪২ হাজার টন। এর মধ্যে ইআরএল সরবরাহ করেছে ৭ লাখ ৩২ হাজার ২৩০ টন, যা মোট চাহিদার প্রায় ১৫.৪৪ শতাংশ। একই সময়ে পেট্রোলের মোট চাহিদা ছিল ৪ লাখ ৮৯ হাজার টন, যার মধ্যে ইআরএল সরবরাহ করেছে ৫৮ হাজার ৩০৯ টন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত প্রায় ৩ লাখ টন ক্রুড অয়েল আমদানি ব্যাহত হয়। মার্চ মাসের একটি অ্যারাবিয়ান লাইট কার্গো নিরাপত্তাজনিত কারণে গন্তব্যে পৌঁছাতে পারেনি এবং বর্তমানে একটি বন্দরে অবস্থান করছে। একই মাসের আরেকটি মারবান ক্রুড সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর্স ম্যাজিউর ঘোষণা করেছে।

সরকার জানিয়েছে, এপ্রিল মাসের জন্য নির্ধারিত ১ লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড ২০ এপ্রিল লোডিং শেষে বিকল্প রুটে ২ থেকে ৩ মে’র মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মে মাসে আরও ক্রুড আমদানির জন্য সংশ্লিষ্ট কোম্পানির কাছে অনুরোধ জানানো হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে অতিরিক্ত ১ লাখ টন ক্রুড অয়েল আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি ইআরএল-এর চারটি ইউনিটের মধ্যে দুটি রক্ষণাবেক্ষণে থাকলেও বাকি দুটি ইউনিট চালু রয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি জোরদার করা হয়েছে, ফলে সরবরাহে কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জ্বালানি ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!