বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা জানিয়েছেন, সম্পর্ক বা প্রেমের গুঞ্জন এখন আর তাকে বিচলিত করে না। বরং বিষয়টিকে হাস্যরস হিসেবেই নেন তিনি। সম্প্রতি সৌরভ বেদি-র সঙ্গে একটি ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনা শুরু হলেও এতে কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে জানান।

এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, এসব গুঞ্জন নিয়ে তিনি ও তার ছেলে আরহান খান একসঙ্গে হাসাহাসি করেন। একজন সিঙ্গেল মা হিসেবে নিজের জীবন গড়ে তোলাকেই তিনি সবচেয়ে বড় অর্জন মনে করেন।
তিনি বলেন, নিজের স্বাধীনতা ও পরিচয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। “আমি নিজেকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের প্রয়োজন অনুভব করি না। যদি কখনো সম্পর্কে জড়াই, সেটা আমার নিজের শর্তে হবে,”—যোগ করেন তিনি।
ব্যক্তিগত জীবনে, দীর্ঘদিন আরবাজ খান-এর সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৮ সালে অর্জুন কাপুর-এর সঙ্গে সম্পর্কে জড়ালেও ২০২৪ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
এর আগে হর্ষ মেহতা-র সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সর্বশেষ সৌরভ বেদি স্পষ্ট করেছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
কাজের ক্ষেত্রেও সমানভাবে সক্রিয় রয়েছেন মালাইকা। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘থামা’ সিনেমার ‘পয়জন বেবি’ গান দিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন। পাশাপাশি রিয়েলিটি শো, মিউজিক ভিডিও ও ফিটনেস জগতেও নিয়মিত কাজ করছেন।
সম্প্রতি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার বই ইটস ইজি টু বি হেলদি ইতিমধ্যেই পাঠকদের নজর কাড়ছে।