
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলাম উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিষ্ণুবল্লভ সোবহান বাজার এলাকার বাসিন্দা। তিনি ধামশ্রেণী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় ইউনিটের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজ এলাকায় মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, তারা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং সড়কে যান চলাচলে বাধা দেন। এ ঘটনায় পরবর্তীতে থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, ওই মামলার পলাতক আসামি হিসেবে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “গ্রেফতারকৃত রফিকুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”