
আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণে আটজন নিহতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে এজাহারে কারখানার মালিকপক্ষের কাউকে আসামি করা হয়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে কারখানায় ঝুঁকিপূর্ণভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার স্থাপন ও রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—প্রিটি কম্পোজিট টেক্সটাইলের জিএম মো. সোহেল রানা, এজিএম মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন, ইঞ্জিনিয়ার মো. রাজীব হোসেন এবং দুই হেলপার মো. আল আমিন ও মো. এনামুল। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, কারখানায় এলপিজি গ্যাস সিলিন্ডার স্থাপন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দায়িত্বে অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে যাদের সরাসরি দায়িত্বে অবহেলার তথ্য পাওয়া গেছে, আপাতত তাদেরই এজাহারে আসামি করা হয়েছে।
এদিকে কারখানাটির মালিকপক্ষের কাউকে মামলায় আসামি না করায় প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রিটি কম্পোজিট টেক্সটাইল গ্রুপের সিইও রাজীব আহমেদ তালুকদার পিয়াল। তিনি এর আগে কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে। তার মা পারভীন তালুকদার প্রিটি গ্রুপের পরিচালক। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক রেজিন আহমেদ তালুকদার।
বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মালিকপক্ষের কাউকে আসামি না করার বিষয়ে বক্তব্য জানতে প্রিটি গ্রুপের এমডি রেজিন আহমেদ তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, বড় ধরনের দুর্ঘটনার দায় শুধু বেতনভুক্ত কর্মচারীদের ওপর চাপানো যথাযথ নয়। অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত গাফিলতির ক্ষেত্রে মালিকপক্ষেরও দায়িত্ব রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে যাদের সরাসরি দায়িত্বে অবহেলার তথ্য পাওয়া গেছে, আপাতত এজাহারে তাদের নাম দেওয়া হয়েছে। মালিকপক্ষের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে যাদের গাফিলতি বা সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।
গত রোববার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণ ঘটে। এতে আটজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।