
টেলিভিশন চ্যানেল ডিবিসির মহাখালী কার্যালয় থেকে আটক হওয়ার পর চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় আটক ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি প্রধান জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে তাঁকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার দুপুরে ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি কার্যালয়ে গিয়ে নিজেকে আবারও চ্যানেলটির চেয়ারম্যান দাবি করেন। এ সময় সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা তিনটার দিকে পুলিশ তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট সম্পাদক মুক্তাদীর অনিক জানান, রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার সময় ডিবির সদস্যরা তাঁকে শুধু চা খাওয়ার কথা বলে সঙ্গে যেতে বলেছিলেন।
এদিকে, বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।