
ছাত্রলীগ আবার ফিরে এলে যাতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন, সে কারণেই সংগঠনটি বর্তমানে নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে না থেকে পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় তারা হতাশ ও আশাহত হয়েছেন। তাঁর মতে, এ সময়ে শিক্ষার্থীরা বরং বেশি খুশি হতেন, যদি সংশ্লিষ্ট নেতা তাঁদের পাশে থেকে ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এগিয়ে আসতেন।
তিনি আরও লেখেন, জুলাই মাসে ছাত্রশিবির যেভাবে নীরব ভূমিকা পালন করেছিল, তাতে আওয়ামী লীগের পতন না হলে সংগঠনটির কোনো নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হতেন না বলে তাঁর ধারণা। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই নীরব ভূমিকার কারণে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতেন। এমনকি সাদিক কায়েম ও এস এম ফরহাদরা হল ছাত্রলীগের নেতা হতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
নাছিরের অভিযোগ, একইভাবে ছাত্রশিবির এখনো নীরব ভূমিকা পালন করছে, যাতে আওয়ামী লীগ আবার ফিরে এলে সংগঠনটির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন। সে ক্ষেত্রে তারা আওয়ামী লীগের কাছে দাবি করতে পারবে, ফিরে আসার পথে কোনো বাধা দেওয়া হয়নি। ফলে আওয়ামী লীগের ছায়াতলে নিরাপদে থাকার সুযোগ তৈরি হবে। অন্য রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজের তুলনায় ছাত্রশিবিরের অবস্থান ও কর্মকাণ্ডকে তিনি ২০২৪ সালের মতোই সুবিধাবাদী বলে মন্তব্য করেন।