
ইসলামে সম্পদ কুক্ষিগত করে রাখা কিংবা কেবল নিজের ভোগ-বিলাসে ব্যয় করার পরিবর্তে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে দান-সদকা, মানবিক সহমর্মিতা এবং অন্যের প্রয়োজনে এগিয়ে আসার বিষয়ে মুমিনদের উৎসাহিত করা হয়েছে।
পবিত্র কোরআনের সুরা বাকারার ২৬৮ নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। অন্যদিকে আল্লাহ তাঁর ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। এ আয়াতের মাধ্যমে দান-খয়রাতের ক্ষেত্রে সম্পদ কমে যাওয়ার আশঙ্কা ও কৃপণতার মানসিকতা পরিহারের শিক্ষা পাওয়া যায়।
অভাবীদের অগ্রাধিকার দেওয়ার শিক্ষা
ইসলামের ইতিহাসে মানবিকতা ও পরার্থপরতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মদিনার আনসার সাহাবিরা। মক্কা থেকে নির্যাতিত হয়ে হিজরত করে আসা মুহাজির মুসলমানদের তাঁরা আন্তরিকভাবে আশ্রয় ও সহযোগিতা করেছিলেন। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুহাজিরদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছিলেন।
পবিত্র কোরআনের সুরা হাশরের ৯ নম্বর আয়াতে আনসারদের এই মহৎ গুণের প্রশংসা করে বলা হয়েছে, তাঁরা নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যদের নিজেদের ওপর প্রাধান্য দেন। আর যারা মনের কার্পণ্য থেকে মুক্ত থাকতে পারেন, তাঁরাই সফলকাম।
এ ছাড়া সুরা দাহরের ৮ নম্বর আয়াতে ক্ষুধা ও প্রয়োজন থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দীদের খাবার দেওয়ার প্রশংসা করা হয়েছে। এসব নির্দেশনা থেকে বোঝা যায়, মানুষের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী ত্যাগ স্বীকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।
দান করতে হবে প্রিয় ও উত্তম বস্তু
দান-সদকার ক্ষেত্রে শুধু অপ্রয়োজনীয়, নষ্ট কিংবা ব্যবহারের অনুপযোগী জিনিস দিয়ে দায়িত্ব শেষ করার মানসিকতাকে নিরুৎসাহিত করেছে ইসলাম। বরং নিজের পছন্দের ও ভালো মানের সম্পদ থেকে দান করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ৯২ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ তার প্রিয় বস্তু থেকে ব্যয় না করা পর্যন্ত প্রকৃত কল্যাণ অর্জন করতে পারে না। একইভাবে সুরা বাকারার ২৬৭ নম্বর আয়াতে উপার্জিত সম্পদ ও জমির উৎপাদিত উত্তম বস্তু থেকে আল্লাহর পথে ব্যয় করার নির্দেশনা রয়েছে। এমন নিম্নমানের জিনিস দান করতে নিষেধ করা হয়েছে, যা নিজেরা পেলে গ্রহণ করতে চাইত না।
এ প্রসঙ্গে সাহাবি আবু তালহা (রা.)-এর একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। আনাস (রা.) থেকে বর্ণিত, মদিনার আনসারদের মধ্যে আবু তালহা (রা.) ছিলেন অধিক খেজুরবাগানের মালিক। তাঁর কাছে ‘বায়রুহা’ নামের একটি বাগান ছিল সবচেয়ে প্রিয়। রাসুলুল্লাহ (সা.)-ও ওই বাগানের সুপেয় পানি পান করতেন।
প্রিয় সম্পদ থেকে ব্যয় করার বিষয়ে কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পর আবু তালহা (রা.) বাগানটি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার সিদ্ধান্ত নেন। বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-কে জানালে তিনি বাগানটি আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করে দেওয়ার পরামর্শ দেন। পরে আবু তালহা (রা.) তাঁর আত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে বাগানটি বণ্টন করে দেন। ঘটনাটি সহিহ বুখারির ১৪৬১ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে।
দান-সদকার ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্বপূর্ণ
ইসলামি ব্যাখ্যা অনুযায়ী, দান-সদকার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব বহন করে।
প্রথমত, দান-সদকায় পূর্ণ সওয়াব অর্জনের জন্য সামর্থ্য অনুযায়ী ভালো ও প্রিয় বস্তু থেকে ব্যয় করা উত্তম। তবে এর অর্থ নিজের সব সম্পদ দান করে নিঃস্ব হয়ে যাওয়া নয়।
দ্বিতীয়ত, প্রিয় বস্তু বলতে শুধু বেশি দামের সম্পদ বোঝায় না। কারও কাছে অল্প মূল্যের কোনো জিনিসও অত্যন্ত প্রিয় হতে পারে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিকভাবে সেটি দান করাও সওয়াবের কাজ।
তৃতীয়ত, যাঁদের আর্থিক সামর্থ্য কম, তাঁরাও বিভিন্নভাবে সওয়াব অর্জন করতে পারেন। জিকির-আজকার, নফল ইবাদত, মানুষের উপকার এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে কল্যাণকর কাজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
চতুর্থত, দানের ক্ষেত্রে লোকদেখানো মনোভাব ও আত্মপ্রচারের প্রবণতা পরিহার করা জরুরি। দানের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ সাধন।
পঞ্চমত, প্রয়োজনাতিরিক্ত সম্পদ দান করাও সওয়াবের কাজ। তবে সব সময় নষ্ট, বিকৃত বা ব্যবহার অনুপযোগী জিনিস দান করার মানসিকতা পরিহার করা উচিত। দানের ক্ষেত্রে গ্রহীতার প্রয়োজন, মর্যাদা ও উপকারের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান
ইসলামে দান-সদকা কেবল অর্থ বা সম্পদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায়কে সহযোগিতা করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নেওয়াও কল্যাণকর কাজের অন্তর্ভুক্ত।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দ্বীন হলো কল্যাণকামিতা।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০০)।
তাই মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান ও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সম্পদের পরিমাণ নয়, বরং দানের আন্তরিকতা, নিয়ত এবং মানুষের উপকারে আসার মানসিকতাই ইসলামের দৃষ্টিতে বিশেষ গুরুত্ব বহন করে।