
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ড, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাসহ বিভিন্ন আলোচিত ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্তমান সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না হলে এই সরকার কোনোভাবেই পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না। জুলাইয়ের বিজয় নিশ্চিত হবে।”
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও সন্ত্রাসবাদী সংগঠনে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, দলটির রাজনৈতিক কার্যক্রমের সুযোগ বাংলাদেশে ৫ আগস্টের পর কার্যত শেষ হয়ে গেছে।
সমাবেশে তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পরও বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজপথে নামতে হওয়া অত্যন্ত হতাশাজনক। জনগণের প্রত্যাশা ছিল দ্রুত বিচার নিশ্চিত হবে, কিন্তু এখনো সে দাবি পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আলোচিত সব হত্যাকাণ্ড ও গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার দাবি জানান এনসিপি আহ্বায়ক।