
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ বাঁচাতে মেঘনা নদী সাঁতরে পার হওয়ার সময় আলমগীর দেওয়ান নামে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দফায় দফায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। তাঁর মরদেহ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং স্থানীয় বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁরা দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
এই বিরোধের জেরে গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে এলাকার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সংঘর্ষে সেলিমসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারি শুরু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।