
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, বিভিন্ন স্থানে সহিংসতা এবং সম্ভাব্য নাশকতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন সরকারপ্রধান।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি উত্থাপনের কথা রয়েছে। পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারের করণীয়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ে নিজেদের উদ্বেগ ও পরামর্শ তুলে ধরবেন দলটির নেতারা।