
সিলেট অভিমুখে আগামী ২১ নভেম্বরের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি আপাতত স্থগিত করেছে বিরোধীদলীয় জোট ১১ দলীয় ঐক্য। সড়কের বেহাল অবস্থা, ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এর আগে জোটের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে রেলপথে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা রয়েছে। পাশাপাশি ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা বিবেচনায় নিয়ে লংমার্চ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
জানা গেছে, গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন জোটের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর এবং ১০ অক্টোবর ঢাকা-খুলনা লংমার্চ অনুষ্ঠিত হয়। চতুর্থ কর্মসূচি হিসেবে ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রেলপথে লংমার্চ হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
এ ছাড়া গত ১৪ নভেম্বর ঢাকায় জোটের মহাসমাবেশ আয়োজনের কথা থাকলেও সেটিও অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ভবিষ্যতে আরও কয়েকটি লংমার্চ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পূর্বনির্ধারিত ঢাকার মহাসমাবেশ আগামী বছর আয়োজন করতে হতে পারে।
রোববারের বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।
এদিকে, ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত হলেও ভবিষ্যতে নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।