
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের পেছনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়ার বিষয়টি সামনে এসেছে। তার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে জীবন বাজি রেখে মাঠে নামার বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিআইজি জানান, এসপি জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তার সন্ধান পাওয়া গেছে। একটি বার্তায় ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসনের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। অন্যটিতে ডিসেম্বর মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে। এসব বার্তা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় তদন্তও চলবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইনস অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, গত মঙ্গলবার প্রাথমিক অভিযোগের তথ্য পাওয়ার পর রেঞ্জ ডিআইজি জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
গ্রেফতার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।