
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসছেন তিনি। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হওয়ার কথা। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পৃথক বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাব সংগ্রহ করে একটি অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা চলছে। এসব আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হতে পারে। সব দলের সঙ্গে আলোচনা শেষে প্রয়োজন মনে করলে সর্বদলীয় বৈঠক আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এর আগে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং দেশকে আবারও পরাধীনতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অবস্থান প্রয়োজন।
সরকারসংশ্লিষ্ট ব্যক্তি ও বিএনপি নেতাদের ভাষ্য, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, আওয়ামী লীগের নামে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজনৈতিক দলগুলো যেন সম্মিলিতভাবে তা মোকাবিলা করতে পারে। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করতে চান। তাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে অবস্থান করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সময়ের আলোকে বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন, যা ইতিবাচক উদ্যোগ।
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অতীতের ঐক্য এখনো রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকলেও এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের পথ তৈরি করে। প্রস্তাবিত সংলাপ রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থানকে আরও সুসংহত করতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক হয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে তার দল। তবে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে এনসিপি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের কাজে সহযোগিতা করবে জামায়াত। দলটির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। পাশাপাশি নাশকতা ও সহিংসতা কঠোরভাবে দমনের দাবিও জানিয়েছে দলটি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশগ্রহণের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বা সংলাপের তারিখ পায়নি। আমন্ত্রণ পাওয়ার পর অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারের আলোচ্যসূচি ও সংলাপের শর্তাবলিও বিবেচনায় নেওয়া হবে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস এবং এই বলয়ের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়ায় সংলাপে অংশগ্রহণের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দল দুটি।
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ফ্যাসিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং সরকারের আহ্বানে সাড়া দেবেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন কোনো কর্মকাণ্ড হওয়া উচিত নয়, যা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রস্তাবিত সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন ঐক্যের জায়গাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে আমন্ত্রণ পাওয়ার পর সংলাপে অংশগ্রহণের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।