
সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা পুনর্নির্ধারণ করে পৃথক নির্দেশনা জারি করেছে সরকার। জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে রোববার (২২ নভেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা এবং একজন সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর হয়ে ২০২৭ সালের ১ জুলাই থেকে পূর্ণ হারে পাওয়া যাবে।
সরকারি চাকরিজীবীদের নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন নির্দেশনা জারি করা হলো। এতে কমিশন্ড অফিসার, এএফএনএস কর্মকর্তা, ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সদস্য, রিক্রুট, এনসিও, ধর্মীয় পরামর্শক কর্মকর্তা, এমওডিসি ও সমপর্যায়ের সদস্যদের বেতন-ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার ও সমপর্যায়ের সদস্যরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ হারে বেতন পাবেন। অন্যদিকে সার্জেন্ট ও সমপর্যায়ের পদ থেকে রিক্রুট এবং অফিসার ক্যাডেটদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৫০ ও ৭৫ শতাংশ। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সদস্য পূর্ণ হারে নতুন মূল বেতন পাবেন।
নতুন নির্দেশনায় ২০২৬ সালের ১ জুলাই থেকে আগের জেএসআইয়ের আওতায় দেওয়া বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এ সুবিধার আওতায় পাওয়া অর্থ বকেয়া হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে।
নতুন বেতন কাঠামোয় প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ থেকে ৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিট ভাতা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা করা হয়েছে। দৈনিক ঝুঁকি ভাতা ১১০ থেকে বাড়িয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাহাড়ি ভাতা দেওয়া হবে মূল বেতনের ২০ শতাংশ হারে।
নতুন করে যুক্ত করা হয়েছে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা, হাওড়, দ্বীপ ও চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা। মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিম্ন পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে, যা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য।
হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ভাতা হবে ৫ হাজার টাকা। অন্যদিকে রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যরা মাসিক ২ হাজার টাকা তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা পাবেন।
তবে ভাতা ও অন্যান্য সুবিধার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর থাকা হার অনুযায়ী ভাতা দেওয়া হবে।
নতুন নির্দেশনায় অবসরকালীন সুযোগ-সুবিধার বিষয়েও বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব সদস্য ২০২৬ সালের ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে গেছেন, তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পুনর্নির্ধারণের সুবিধা পাবেন না। তবে তারা নির্ধারিত শতাংশের ভিত্তিতে পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন।