
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, এ পদক্ষেপের মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়। অন্যথায় বোঝা যাবে, সরকার শুধু আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলছে। এরপর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করে ফেলবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের উদ্যোগ নেওয়া হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে—এমন কোনো ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
তিনি বলেন, দেশে বর্তমানে একটি সংকটকাল চলছে। এ পরিস্থিতিতে সরকারপ্রধান যখন রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা অবশ্যই তাতে সাড়া দেবেন।
প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে চান, সেই বিষয়গুলো জানতে চান বলেও জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে। এমন উদ্যোগ নিতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো সরকারের সদিচ্ছা সম্পর্কে আশ্বস্ত হতে পারে।
তিনি আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং আসন্ন গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে।